ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি উপাচার্যের শোক
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক মো. এনামউল্ল্যা। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রবিবার (১২ জুলাই) হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো. খাদেমুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উপাচার্য বলেন, “মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গণতন্ত্রের বিকাশ, সাংবিধানিক চর্চা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও সুদৃঢ় করার ক্ষেত্রে তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরো বলেন, “বিশেষ করে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সর্বোপরি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন।”