চট্টগ্রামে হত্যা মামলার চার আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় ছুরিকাঘাতে রিফাত নামের এক যুবককে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মো. শামীমসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১২ জুলাই) পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান অভিযুক্ত আসামি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা মো. শামীম (৩৫), পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা মো. সাজ্জাদ আলম শুভ (৩২), হালিশহর থানার মাউজপাড়া এলাকার বাসিন্দা মো. মারুফ (২৭) ও একই এলাকার মো. সুমন (৩০)। তারা চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাহাড়তলী থানার আব্দুপাড়ার বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি রিফাতকে পূর্ব শত্রুতার জেরে গত ২৩ জুন সকালে ডেকে নিয়ে যায় শুভ। পরে দক্ষিণ কাট্টলী এলাকায় শামীম ও মারুফসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন রিফাতের উপর হামলা চালায়। এসময় শামীম ধারালো ছুরি দিয়ে রিফাতের উপর আঘাত করলে সে গুরত্বর আহত হয়। পরে তাকে হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত রিফাতের ভাই বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে পাহাড়তলী থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলার সূত্র ধরে গত রবিবার সীতাকুণ্ড থানার জলিল টেক্সটাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে শামীম ও শুভকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন বিকেলে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে মারুফকে এবং হালিশহর মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।