পাবনায় ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু
প্রতিকী ছবি
পাবনায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পাবনা-ঢালারচর-মাজগ্রাম রেলপথের সদর উপজেলার সিঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনু আক্তার (১৮-২০) পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিল ভাদুরিয়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর পরিচয় নিশ্চিত না হওয়ায় প্রথমে তাকে অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ।
পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঢালারচর থেকে মাজগ্রাম হয়ে রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনটি সিঙ্গা বাজার এলাকা অতিক্রম করার সময় অনু আক্তার রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।