গোবিন্দগঞ্জে ছয় লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে ধ্বংস

গোবিন্দগঞ্জে ছয় লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে ধ্বংস

সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার গোলাপবাগ বাজারে এ অভিযান পরিচালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে গোলাপবাগ বাজারের একটি গুদামে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১০০টি চায়না দুয়ারি জাল ও ৭০টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

অভিযান শেষে উপজেলা চত্বরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।