সিলেটে ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেফতার ১১৬
প্রতিকি ছবি
অপরাধ দমনে সিলেট মহানগরীতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টায় পরিচালিত এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ জানায়, বিশেষ অভিযানে গ্রেফতার হওয়াদের মধ্যে নিয়মিত ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও বিক্রেতা, ছিনতাইকারী, চোর, জুয়াড়ি, আইন অমান্যকারী হকার ও সন্দেহভাজন অপরাধী রয়েছে।
বিশেষ এই অভিযানকালে এসএমপির ট্রাফিক বিভাগ ১৭০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
এর মধ্যে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯৭টি জব্দ করা হয়েছে।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়তে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।