কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ফাইল ছবি
কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে দলটি। কমিটিতে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান উদবাতুল বারী আবুকে সভাপতি এবং কুমিল্লা সিটির প্রশাসক (কুসিক) ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত বছরের ২৫ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে কুমিল্লা মহানগর বিএনপির তিন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজিউর রহমান রাজীবকে নির্বাচিত করা হয়।
সম্মেলনের দেড় বছর পর ১৫১ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে ১৬ জন সহ-সভাপতি, ১০ জন যুগ্ম সম্পাদক, ৬ জন সাংগঠনিক সম্পাদকসহ ১৫১ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয় ।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির বলেন, সময়োপযোগী এবং তারুণ্য নির্ভর একটি কমিটি হয়েছে। এতে কুমিল্লা মহানগর বিএনপি আরও শক্তিশালী এবং গতিশীল হবে। কমিটি গঠনের পর নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিল, তারাই কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছে। এজন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞ। এই কমিটি কুমিল্লা মহানগরের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।