ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক যুগপূর্তি
ফাইল ছবি
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ১২ বছর পূর্ণ করে ১৩তম বছরে পদার্পণ করেছে আজ। ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ২৫টি উড়োজাহাজ নিয়ে দেশি-বিদেশি ২০টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
বিমান সংস্থাটির বহরে বর্তমানে ৩টি এয়ারবাস এ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, শুরু থেকেই ৯০ শতাংশের বেশি অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড ধরে রেখেছেন তারা। বর্তমানে দেশের পাঁচটি অভ্যন্তরীণ এবং ১৫টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। আগামী বছরগুলোর মধ্যে বহরে আরও নতুন উড়োজাহাজ যুক্ত করার পাশাপাশি মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
ইউএস-বাংলা জানায়, ২০২৫ সালসহ মোট পাঁচবার ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বর্তমানে দেশে-বিদেশে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
এক যুগপূর্তি উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আধুনিক উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির সাফল্যে অবদান রাখা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্ট, অংশীদার ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।