বন্দর ব্যবহারকারীদের জন্য উচ্চগতির ফ্রি ওয়াইফাই চালু

বন্দর ব্যবহারকারীদের জন্য উচ্চগতির ফ্রি ওয়াইফাই চালু

সংগৃহীত

গ্রাহকসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে সর্বসাধারণের জন্য উচ্চগতির (ফাইভজি ও স্টারলিংক) ফ্রি ওয়াইফাই চালু করা হয়েছে।

এর ফলে বন্দরে নথিপত্র আদান-প্রদান, শুল্কায়ন প্রক্রিয়া এবং অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণের গতি আগের তুলনায় বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ী ও ব্যবহারকারীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করেন। 

এখন থেকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে সেবা নিতে আসা আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্টসহ সংশ্লিষ্টরা কোনো খরচ ছাড়াই উচ্চগতির ইন্টারনেট সেবা পাবেন।

বন্দর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দরকে সম্পূর্ণ পেপারলেস ও স্মার্ট বন্দরে রূপান্তর করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে আসা অংশীজনরা যাতে কোনো ধরনের নেটওয়ার্ক জটিলতা ছাড়াই দ্রুত তাদের দাপ্তরিক ও বন্দর সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেন, সেজন্যই এই ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হলো।

আমরা পর্যায়ক্রমে গ্রাহকসেবার মানোন্নয়নে আরও আধুনিক প্রযুক্তি যুক্ত করব।

উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার নেতারা উপস্থিত ছিলেন।