জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার, প্রতিবাদ ডাকসুর
ছবিঃ সংগৃহীত।
জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শনিবার (১৮ জুলাই) ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, জুলাই বিপ্লবকে বিতর্কিত ও হেয় করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লবের আহত যোদ্ধা, ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বীসহ জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদদের ঘিরে বিভিন্ন অপপ্রচারের ঘটনাও সেই ধারাবাহিক অপপ্রচারের অংশ বলে প্রতীয়মান হচ্ছে।
মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ইতিহাস বিকৃত করার এবং জুলাই বিপ্লবকে বিতর্কিত রাজনৈতিক বয়ানে প্রতিষ্ঠার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ডাকসু।
বিবৃতিতে আরও বলা হয়, ডাকসু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে, যারা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বা অপপ্রচারমূলক তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, বিশেষ করে ডাকসুর নির্বাচিত প্রতিনিধি ও জুলাইয়ের আহত যোদ্ধাকে নিয়ে অপপ্রচার ছড়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কাবেরী গায়েন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক রিসালা খান প্রমুখের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
একই সঙ্গে জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনাকে শিক্ষার্থীদের ওপর গুলি চালাতে উদ্বুদ্ধ করা এবং ফ্যাসিবাদী আমলে শিক্ষার্থী নিপীড়নে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অবিলম্বে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।