নরসিংদীতে ডাকাতদের কোপে গৃহকর্তার মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় সুরুজ মিয়া (৭২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাতে মাধবদী থানার নূরালাপুর ইউনিয়নের বলবর্দী এলাকায় শাহজাহান মিয়ার ছোট ভাই মিলন মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল মিলন মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতির সময় মিলন মিয়া তার বড় ভাই শাহজাহান মিয়াসহ কয়েকজনকে ফোন করে বিষয়টি জানান। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই শাহজাহান মিয়ার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন তার চাচা সুরুজ মিয়া।
ডাকাতরা প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের অভিযোগ, মাধবদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল। ওই ডাকাতির কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আবারও নতুন করে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।