ধর্ষণ-হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে বিএনপি সবসময়ই আপসহীন: প্রিন্স

ধর্ষণ-হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে বিএনপি সবসময়ই আপসহীন: প্রিন্স

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ধোবাউড়ার গোয়াতলায় ইউনিয়নে ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসা মনির বাবা রাজু মিয়ার কর্মসংস্থানের জন্য একটি অটোরিকশা প্রদান করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার দুপুরে ধোবাউড়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি রাজু মিয়ার হাতে অটোবাইকের চাবি তুলে দেন।

অটোবাইক পেয়ে রাজু মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, মেয়েকে হারানোর শোক কোনোদিনই কাটবে না। তবে পরিবারের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নিসা মনির ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে তাঁর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান।

এসময় এমরান সালেহ প্রিন্স শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‌ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য এবং অমানবিক অপরাধের বিরুদ্ধে বিএনপি সব সময়ই আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান ‌‌‘একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা’ উল্লেখ করে প্রিন্স বলেন, ‘আজকের এই ছোট্ট উদ্যোগ যদি নিসা মনির পরিবারের জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, যদি রাজু মিয়া সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, তবে সেটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই রাষ্ট্রদর্শন বাস্তবায়নের একটি ক্ষুদ্র প্রয়াস। 

এসময় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন, আব্দুল মোমেন শাহীন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনসার আলী তুলা প্রমুখ উপস্থিত ছিলেন।