ভাঙ্গায় র্যাবের বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকার গাঁজা জব্দ
ছবিঃ সংগৃহীত।
ফরিদপুরের ভাঙ্গায় র্যাবের বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হলেও সন্দেহভাজন দুই মাদক কারবারি পালিয়ে যায়।
সোমবার (২০ জুলাই) র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে একটি সন্দেহজনক কাভার্ডভ্যানের কাছে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জব্দ হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। তাদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।