কুড়িগ্রামে বন্যাদুর্গত পরিবার ও আলেমদের মাঝে নগদ অর্থ বিতরণ
সংগৃহীত ছবি
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবার, ৫০ জন আলেম এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নগদ আর্থিক সহায়তা ও হাদিয়া বিতরণ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
রবিবার (২৬ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী এবং যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর নেতৃত্বে জেলার জামিয়া ইসলামিয়া যাত্রাপুর মাদরাসা ও বাবুস সালাম ভুরুঙ্গামারী মাদরাসায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সহায়তা বিতরণ করা হয়।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার ৫০ জন আলেমের মধ্যে আর্থিক হাদিয়া বিতরণ করা হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন কাসেমী, সহসভাপতি মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আবু বকর সিদ্দিক ও মাওলানা ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, ঢাকা মহানগরের দায়িত্বশীল মাওলানা নাহিয়ান, জেলা সহকারী সম্পাদক মাওলানা উসমান গনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামাল উদ্দিনসহ স্থানীয় আলেম-ওলামা ও সংগঠনের নেতারা।