সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
সংগৃহীত ছবি
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায় এবং সামাজিক বন বিভাগ, পাবনার আয়োজনে পৌর শহরের মুক্তির সোপান প্রাঙ্গণে বৃক্ষমেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় (কালেক্টরেট) চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মুক্তির সোপান প্রাঙ্গণে শেষ হয়।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১০০ জন উপকারভোগীর হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় উপকারভোগীদের মধ্যে মোট ৩৯ লাখ ৩৫ হাজার ১৬০ টাকা বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগী ৩২ হাজার ৭৫৬ টাকা করে অনুদান পান। পরে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সামাজিক বন বিভাগ, পাবনার বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এবং সিরাজগঞ্জ জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি আকাব্বর আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন নার্সারির মালিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন।