পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা
প্রতীকী ছবি
রংপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন ইকবাল হাসান রাকিব নামে এক ভুয়া পরীক্ষার্থী। ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
একই সঙ্গে মূল পরীক্ষার্থীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের দাবি, এ ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ জালিয়াত চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিআরটিএ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, গত সোমবার সকাল ১০টায় বিআরটিএ পরীক্ষাকেন্দ্রে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তিনি অন্যজনের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন।