কেরানীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আবাসিক প্রকল্পের ভেতরে একটি পরিত্যক্ত প্লটের জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে একটি পরিত্যক্ত প্লটের জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর।
মরদেহের শরীরের উপরের অংশে সাদা-সবুজ রঙের একটি মেক্সি ছিল। তবে নিচের অংশে কোনো পোশাক ছিল না। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে ছয় দিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।