অনার্স দ্বিতীয় বর্ষে বাধ্যতামূলক ‘ফাংশনাল ইংলিশ’ বিষয়ে নতুন সিলেবাস প্রণয়ন

অনার্স দ্বিতীয় বর্ষে বাধ্যতামূলক ‘ফাংশনাল ইংলিশ’ বিষয়ে নতুন সিলেবাস প্রণয়ন

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে বিএ, বিএসসি, বিএসএস ও বিবিএ (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ‘Functional English’ বিষয়ের নতুন সিলেবাস প্রণয়ন করেছে। নতুন এ সিলেবাস পরবর্তী শিক্ষাবর্ষগুলোতেও কার্যকর থাকবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সিলেবাস অনুযায়ী, Functional English বিষয়টি ১০০ নম্বরের একটি কোর্স, যার ক্রেডিট ৪। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও পেশাগত ইংরেজি দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানের যোগাযোগ সক্ষমতা গড়ে তোলা এবং উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের চাহিদা পূরণের লক্ষ্যে এ সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

সিলেবাসে অ্যাকাডেমিক রিডিং, স্কিমিং ও স্ক্যানিং, ভোকাবুলারি ডেভেলপমেন্ট, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সামারি ও কমপ্রিহেনশন, প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, আনুষ্ঠানিক চিঠি ও ই-মেইল, চাকরির আবেদনপত্র, অ্যাকাডেমিক প্রবন্ধ, বাংলা-ইংরেজি ও ইংরেজি-বাংলা অনুবাদ, লিসেনিং, উচ্চারণ (IPA) এবং পাবলিক স্পিকিংসহ বিভিন্ন ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের আইইএলটিএস (IELTS), জিআরই (GRE) এবং অন্যান্য আন্তর্জাতিক মানের পরীক্ষার উপযোগী ভাষা দক্ষতা অর্জনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। কোর্সটি শিক্ষার্থীদের একাডেমিক, পেশাগত ও আন্তঃসাংস্কৃতিক যোগাযোগে দক্ষ করে তোলার পাশাপাশি সমালোচনামূলক চিন্তাশক্তি, উপস্থাপনা দক্ষতা এবং কার্যকর লিখিত ও মৌখিক যোগাযোগের সক্ষমতা উন্নয়নে সহায়ক হবে বলে সিলেবাসে উল্লেখ করা হয়েছে।

নতুন সিলেবাস অনুযায়ী পাঠদান ২৮ সপ্তাহের শিক্ষণ পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হবে। এতে ইন্টারঅ্যাকটিভ লেকচার, গ্রুপ ওয়ার্ক, রাইটিং ওয়ার্কশপ, প্রেজেন্টেশন, কেস স্টাডি, অডিও-ভিজ্যুয়াল অনুশীলন এবং পিয়ার রিভিউয়ের মতো আধুনিক শিক্ষণ পদ্ধতি অনুসরণ করা হবে।

মূল্যায়ন পদ্ধতিতে এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, কুইজ, লিখিত অ্যাসাইনমেন্ট, মৌখিক পরীক্ষা, রিপোর্ট ও প্রেজেন্টেশন অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি ব্যাকরণ, লেখনী, শব্দভাণ্ডার এবং যোগাযোগ দক্ষতার ভিত্তিতে শিক্ষার্থীদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে।

নতুন সিলেবাসে দেশি-বিদেশি স্বনামধন্য লেখকদের একাধিক গ্রন্থকে রেফারেন্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে Betty S. Azar, Stephen Bailey, David Crystal, Ann Hogue, John M. Swales-সহ বিভিন্ন ভাষাবিদ ও গবেষকের বই। এছাড়া Hossain, Jafar & Nahar রচিত Functional English (২০২৬) গ্রন্থটিও প্রস্তাবিত পাঠ্যতালিকায় সংযোজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ সিলেবাস বাস্তবায়নের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় যোগাযোগ, একাডেমিক লেখালেখি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।