শুটিং শেটে গুরুতর আহত জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা
ছবিঃ সংগৃহীত।
শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নতুন একটি সিনেমার নাচের দৃশ্য ধারণের সময় দুর্ঘটনায় তার হিপের একটি টেনডন সম্পূর্ণ ছিঁড়ে গেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের চোট থেকে পুরোপুরি সুস্থ হতে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময়ে সব ধরনের শারীরিক পরিশ্রম ও শুটিং থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।
চিকিৎসকদের মতে, এমন টেনডন ইনজুরি সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়, কারণ এতে শরীরের ওপর প্রচণ্ড চাপ পড়ে।
বর্তমানে একসঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন রাশমিকা মান্দানা। ফলে এই বাধ্যতামূলক বিরতির কারণে তার চলমান প্রকল্পগুলোর শিডিউলে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত রাশমিকা বা তার টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। সুস্থ হয়ে দ্রুত শুটিংয়ে ফিরবেন এমন প্রত্যাশাই করছেন তার ভক্তরা।