মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিকী ছবি
মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আশিক আকন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রমজান বেপারী নামে তার সঙ্গে থাকা আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার রাত ১০টার দিকে ডাসার উপজেলার ধুলগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক আকন উপজেলার ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে। আহত রমজান বেপারী ধুয়াশার বালিগ্রামের সোহেল বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রমজান বেপারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মাদারীপুর শহর থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন আশিক আকন। পথে ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চন্দ্রা পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আকনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রমজান বেপারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি শনাক্ত এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।