ভিনিসিয়ুসকে পেতে আর্সেনালের মেগা প্রস্তাবে তোলপাড় ফুটবল বিশ্ব

ভিনিসিয়ুসকে পেতে আর্সেনালের মেগা প্রস্তাবে তোলপাড় ফুটবল বিশ্ব

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান পোস্টার বয় ভিনিসিয়ুস জুনিয়রকে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ছিনিয়ে আনতে এবার সব শক্তি ঢেলে দিচ্ছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল! ব্রাজিলিয়ান উইঙ্গারকে লন্ডনে ওড়াতে এক বিশাল অঙ্কের নতুন প্রস্তাব চূড়ান্ত করেছে গানাররা, যা গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর সব হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে। রিয়ালের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও মাদ্রিদে ভিনির ভবিষ্যৎ এখন ঘোর ধোঁয়াশায়।

 

ক্রীড়াভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জন্য আনুষঙ্গিক খরচসহ ১৪৫ মিলিয়ন ইউরোর অফিশিয়াল প্রস্তাব তৈরি করেছে আর্সেনাল।

 

খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক ডেভিড ওরনস্টাইন জানিয়েছেন আরেক চমকপ্রদ তথ্য—স্বয়ং ভিনিসিয়ুসও নাকি এবার ইংলিশ প্রিমিয়ার লিগে পা রাখতে বেশ আগ্রহী! এই খবর প্রকাশ্যে আসতেই রিয়াল শিবিরের অন্দরে ছড়িয়ে পড়েছে চরম অস্বস্তি।

ব্রিটিশ মিডিয়া সূত্রের খবর, ভিনিসিয়ুসের প্রতিনিধি সংস্থা ‘রক নেশন’-এর সঙ্গে এরই মধ্যে প্রাথমিক সমঝোতা সেরে ফেলেছে মিকেল আর্তেতার আর্সেনাল। এমনকি ‘দ্য সান’ দাবি করছে, তাকে দলে ভেড়াতে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ অঙ্কের চুক্তির প্রস্তাব প্রস্তুত রেখেছে গানাররা।

 

পরিস্থিতি এখন পুরোপুরি রিয়াল মাদ্রিদের বিপক্ষে। প্রায় এক বছর আগে নতুন চুক্তির প্রস্তাব টেবিল পেলেও তাতে এখন পর্যন্ত সই করেননি ভিনি। ফলে দুই ধারি তরোয়ালের মুখে গ্যালাকটিকোরা—হয় আর্সেনালের বিশাল অঙ্কের অফার লুফে নিয়ে তাকে বিক্রি করে দেওয়া, না হয় ভিনির সব দাবি মেনে চুক্তি নবায়ন করা। তা না হলে আর কিছুদিন পরেই দলের সেরা তারকাকে হয়তো একদম বিনামূল্যে হাতছাড়া করতে হবে!