মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হামলায় মায়ের মৃত্যু
প্রতিকি ছবি
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন ছেলের হামলায় বিউটি বেগম (৫৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বিউটি বেগম ওই এলাকার আলী মাতুব্বরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে করিম মাতুব্বর তার মায়ের কাছে ভাত চান। এ সময় বিউটি বেগম ঘরের দরজার নিচ দিয়ে একটি প্লেটে করে ভাত দেন। এতে ক্ষিপ্ত হয়ে করিম মাতুব্বর গালিগালাজ শুরু করেন এবং দরজার নিচ দিয়ে মায়ের হাত টেনে ধরেন। একপর্যায়ে বিউটি বেগমের মাথা দরজায় আঘাতপ্রাপ্ত হয়। পরে করিম ঘরের ভেতরে প্রবেশ করে তাকে ধাক্কা দিলে দেয়ালের সঙ্গে মাথার পেছনে আঘাত লাগে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, করিম মাতুব্বর দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি এর আগেও বিভিন্ন সময় তার মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন।
রবিবার দুপুরে বিউটি বেগমের মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত করিম মাতুব্বর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।