প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সই জাল করে প্রতারণা, গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সই জাল করে প্রতারণা, গ্রেপ্তার ৫

প্রতিকি ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সিল, সই ও অফিশিয়াল লেটারহেড জাল করে প্রভাব খাটানোর মাধ্যমে প্রতারণা চালিয়ে আসা একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

গ্রেপ্তাররা হলেন- ফারুক হোসেন, সাকিব খান, মাসুম মুনসী, মীর তৌহিদুল ইসলাম ও বকুল মণ্ডল। মাদারীপুরের কালকিনি থেকে চারজন ও কুষ্টিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। চক্রটির কাছ থেকে ৪১টি জাল সরকারি সিল, বিপুল পরিমাণ লেটারহেড, কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো একটি সুপারিশপত্রে একজন চাকরিচ্যুত কর্মচারীকে পুনর্বহালের অনুরোধ করা হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রী, একাধিক মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সিল ও সই জাল করা হয়েছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় মন্ত্রণালয় থেকে ডিবির কাছে তদন্তের অনুরোধ জানানো হয়।

তদন্তে ডিবি জানতে পারে, চক্রটি শুধু জাল চিঠিই তৈরি করেনি, বরং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর দ্রুত ব্যবস্থা নেওয়ার চাপও সৃষ্টি করেছিল। তদন্তে মূলহোতা হিসেবে ফারুক হোসেনের সম্পৃক্ততা পাওয়া যায়। তিনি ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রকল্পে কর্মরত ছিলেন। দুর্নীতির অভিযোগে চাকরি হারানোর পর পুনর্বহালের উদ্দেশ্যে তিনি জালিয়াতির এই চক্র গড়ে তোলেন।