দিনাজপুরে ৮৮ কেজি গাঁজাসহ আটক ২

দিনাজপুরে ৮৮ কেজি গাঁজাসহ আটক ২

প্রতিকি ছবি

মাদকবিরোধী অভিযানে দিনাজপুরের কাহারোলে ৮৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে কাহারোল পুলিশ। আটককৃতরা হলেন- কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নুর গ্রামের মনমতা চন্দ্র রায়ের ছেলে রঞ্জন চন্দ্র রায় (২৮) ও চিরিরবন্দর উপজেলার আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৫২)।

বুধবার ভোর রাত সাড়ে ৩টায় কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১১মাইল নামক স্থানে ঠাকুরগাঁও-দিনাজপুরগামী মহাসড়কের একটি পিকআপ ভ্যান থেকে এ গাঁজার চালান আটক করা হয়। এ সময় তাদের পিকআপ ভ্যানটিও জব্দ করে কাহারোল থানায় নিয়ে আসে। কাহারোল-বোঁচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার(এএসপি) মনিরুজ্জামান ও কাহারোল থানার ওসি সেলিমুর রহমান সেলিম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ গাঁজার চালান আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ৬০ হাজার টাকা। এ ব্যাপারে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতে গ্রেফতারকৃত আসামিদের সোপর্দ করা হয়।