নবীনগরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৩

নবীনগরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৩

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তিতাস নদীতে মাছ ধরতে যান শফিউল্লা ও একই গ্রামের মামুন। ওই সময় মাছ ধরা নিয়ে মামুনের সঙ্গে শফিউল্লার বাগবিতণ্ডা হয়।

এরই বিরোধের জেরে বুধবার সকালে মামুন মিয়ার লোকজন শফিউল্লার বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শফিউল্লার চাচা আব্দুল মান্নান, আবুল খায়ের ও একজন নারীসহ তিনজন গুরুতর আহত হন।  

আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মাছ ধরাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে।

এই ঘটনার সঠিক বিচারের দাবি জানান তারা। তবে অভিযুক্ত মামুনের ভাই ফায়েজ মিয়া অভিযোগ স্বীকার করেছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।