বিতর্কিত দ্বীপে পুতিনের সফর, রুশ রাষ্ট্রদূতকে তলব জাপানের

বিতর্কিত দ্বীপে পুতিনের সফর, রুশ রাষ্ট্রদূতকে তলব জাপানের

ফাইল ছবি

বিতর্কিত ইতুরুপ দ্বীপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের প্রতিবাদে জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই স্তানিস্লাভোভিচ নোজদ্রেভকে তলব করেছে টোকিও। মস্কোর কাছে তাকে ‘যত দ্রুত সম্ভব’ জাপানের প্রতিবাদ জানাতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আন্দালু এজেন্সি বলছে, বৃহস্পতিবার রাশিয়ার দূরপ্রাচ্যের সাখালিন অঞ্চলে সফরের সময় হোক্কাইডোর কাছে অবস্থিত বিতর্কিত দ্বীপপুঞ্জের অন্যতম ইতুরুপে যান পুতিন। দ্বীপটিতে এটি তার প্রথম সফর।

টোকিও ‘নর্দার্ন টেরিটোরিজ’ নামে পরিচিত ইতুরুপ, কুনাশিরি, শিকোতান এবং হাবোমাই দ্বীপগুচ্ছকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। জাপানের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ১৫ আগস্ট আত্মসমর্পণের পরপরই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো ‘অবৈধভাবে’ দখল করে নেয়।

অন্যদিকে, রাশিয়া দ্বীপগুলোকে ‘সাউদার্ন কুরিলস’ নামে অভিহিত করে এবং সেগুলোর দখলকে বৈধ বলে মনে করে।

দ্বীপগুলো নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান ও রাশিয়ার মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি। ইউক্রেন যুদ্ধের কারণে জাপান মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের উত্তেজনাও আরো বেড়েছে।