আপনার ফোনে এই ক্ষতিকর অ্যাপসগুলো থাকলে এখনই ডিলিট করুন

আপনার ফোনে এই ক্ষতিকর অ্যাপসগুলো থাকলে এখনই ডিলিট করুন

ছবি: সংগৃহীত

স্মার্টফোনের কল্যাণে এখন খুব সহজেই নানা কাজ করা সম্ভব হয়, যার মধ্যে অন্যতম হলো ডিজিটাল মাধ্যমে ঋণ বা লোন নেওয়া। তবে এর সুযোগ নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় হয়ে উঠেছে বহু ভুয়া বা ফেক লোন অ্যাপ, যা সাধারণ মানুষের বড় ধরনের আর্থিক ও ব্যক্তিগত ক্ষতির কারণ হতে পারে। 

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার দোস্ত আইফোরসি এই ধরনের ক্ষতিকর লোন অ্যাপ নিয়ে ভারতজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে।

সামাজিক মাধ্যম এক্সে এক বিশেষ সতর্কবার্তায় সাইবার দোস্ত আইফোরসি জানিয়েছে, সাইবার অপরাধীরা অত্যন্ত চতুরতার সঙ্গে আসল অ্যাপের আদলে বহু ভুয়া লোন অ্যাপ তৈরি করেছে। ব্যবহারকারীরা দ্রুত ঋণের আশায় এই অ্যাপগুলো ইনস্টল করলেই তা ব্যক্তিগত তথ্য চুরি করা শুরু করে। এমনকি মোবাইলের কন্টাক্টস, গ্যালারি ও অন্যান্য সংবেদনশীল ফিচারের অননুমোদিত অ্যাক্সেস নিয়ে সেগুলোর অপব্যবহারও করে থাকে এই চক্রের প্রতারকরা।

ভুয়ো লোন অ্যাপের এই ফাঁদ থেকে বাঁচতে কিছু সুনির্দিষ্ট সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা। অ্যাপ ডাউনলোড করার আগে সর্বদা ডেভেলপার ও সংশ্লিষ্ট সংস্থার নির্ভরযোগ্যতা যাচাই করা উচিত। ঋণ প্রদানকারী ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানটি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই-এর নিয়ন্ত্রণাধীন কিনা, তা খতিয়ে দেখা একান্ত জরুরি। পাশাপাশি ব্যবহারকারীদের রিভিউ পড়া, অজানা থার্ড-পার্টি প্ল্যাটফর্ম বা কোনো মেসেজে আসা সন্দেহজনক এপিকে ফাইল ইনস্টল করা থেকে বিরত থাকা উচিত। অপ্রয়োজনীয় পারমিশন দেওয়া এড়িয়ে চললে এবং সংবেদনশীল তথ্য শেয়ার না করলে সাইবার প্রতারণার ঝুঁকি অনেকাংশেই এড়ানো সম্ভব।