নেত্রকোনার মদনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকি ছবি
নেত্রকোনার মদনে বাড়ির পাশের পুকুরে পড়ে মাফি আহমেদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চাঁনগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু মাফি ওই গ্রামের রব্বানী মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে মা রান্নার কাজে ব্যস্ত থাকার সময় শিশুটি উঠানে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে চলে যায়। দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।