‘বেগম খালেদা জিয়া কোনো প্রতিহিংসার রাজনীতি করেননি’
সংগৃহীত ছবি
নরসিংদী-১ আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন বলেছেন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের কারণে ৭৫ বছরের পুরোনো দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। পক্ষান্তরে বেগম খালেদা জিয়া কোনো প্রতিহিংসার রাজনীতি করেননি, জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের পথে হেঁটেছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার রাতে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের জনগণ দেখেছে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ওপর নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকেও তারা অমানবিক নির্যাতন করেছে। ফরমায়েশি রায়ের মাধ্যমে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শেখ হাসিনার প্রতিহিংসার ফলে তাকে জরাজীর্ণ কারাগারে হত্যাচেষ্টাও করা হয়েছিল। চোর-ডাকাত খুনিদেরও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনবারের প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি।
এমপি বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণেই তারেক রহমানের সফলতা দেখে যেতে পারেননি বেগম খালেদা জিয়া, তিনি নির্যাতিত না হলে হয়ত সেটি সম্ভব হতো। আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা এবং অর্থনীতির উন্নতির সব কিছুই অর্জিত হয়েছে বেগম জিয়ার আমলে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কবির কামাল, আবু সালেহ চৌধুরী, আব্দুল বাসেত, আব্দুল জলিলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।