দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রতীকী ছবি

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় জালিয়াপাড়া এলাকায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলচালক রিফাত ইমন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত এন্তাজুল হক সোহাগকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।