এক্সটার্নশিপে নেপালে গবির ১৬ ইন্টার্ন চিকিৎসক
সংগৃহীত
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ইতিহাসে চতুর্থবারের মতো এক্সটার্নশিপের উদ্দেশ্যে নেপালে পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ১২তম ব্যাচের ১৬ জন ইন্টার্ন চিকিৎসক।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে নেপালের এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে এক্সটার্নশিপে অংশ নিতে দেশ ছাড়েন তারা।
নেপালের খ্যাতনামা এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে ১২তম ব্যাচের মোট ১৬ জন শিক্ষার্থী এক্সটার্নশিপে অংশ নিচ্ছেন। তাদের এ কার্যক্রম আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এদিকে, একই ব্যাচের আরো আটজন শিক্ষার্থী বর্তমানে মালয়েশিয়ার খ্যাতনামা ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টানে ১৫ দিনের এক্সটার্নশিপ করছেন।
ইন্টার্ন চিকিৎসক আতিউর রহমান মাহমুদ বলেন, “এ ধরনের আন্তর্জাতিক সফর আমাদের একাডেমিক জীবনের সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনের একটি সেতুবন্ধন তৈরি করে। নেপালের ভেটেরিনারি পেশাজীবীদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা ও পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাচ্ছি। একইসঙ্গে, আন্তর্জাতিক ভেটেরিনারি প্র্যাকটিস, নেপালের ভেটেরিনারি হেলথকেয়ার ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে পারব।”
এ বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক জহিরুল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের বিদেশে এক্সটার্নশিপে পাঠানোর মূল উদ্দেশ্য হলো তাদেরকে আন্তর্জাতিক মানের ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করা। উন্নত প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি, সর্বাধুনিক ডায়াগনস্টিক পদ্ধতি এবং আন্তর্জাতিক চিকিৎসা প্রোটোকল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তারা সেখানে পাবে। এসব বিষয় আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই সীমিত, তাই বিদেশের অভিজ্ঞতা তাদের পেশাগত দক্ষতা ও দৃষ্টিভঙ্গিকে আরো সমৃদ্ধ করবে। তাদের জন্য আন্তরিক শুভকামনা রইল। পাশাপাশি আশা করি, আগামী দিনগুলোতে আমাদের আরো বেশি সংখ্যক শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক এক্সটার্নশিপের সুযোগ লাভ করবে।”
এর আগে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ব্যাচের ২৫ জন শিক্ষার্থী নেপালের খ্যাতনামা ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে, অষ্টম ব্যাচের ২১ জন শিক্ষার্থী নেপালের এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে, নবম ব্যাচের ছয়জন শিক্ষার্থী মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টানে এবং একই ব্যাচের আরো ১৩ জন শিক্ষার্থী নেপালের এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে সফলভাবে এক্সটার্নশিপ সম্পন্ন করেছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের মে মাসে দেশের প্রথম ও একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে গবিতে ভেটেরিনারি শিক্ষার যাত্রা শুরু হয়। শুরুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মাত্র ২৫ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়। পরে আসনসংখ্যা ৫০-এ উন্নীত হয়। ইতোমধ্যে এ বিষয়ে ১১টি ব্যাচ স্নাতক সম্পন্ন করেছে।