রাজশাহীতে মাস্তুল ফাউন্ডেশনের টিউবওয়েল স্থাপন কার্যক্রম উদ্বোধন
সংগৃহীত
নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে রাজশাহীর বিভিন্ন এলাকায় টিউবওয়েল স্থাপন কার্যক্রম শুরু করেছে মাস্তুল ফাউন্ডেশন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো. মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে মাস্তুল ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। নিরাপদ পানির ব্যবস্থা জনস্বাস্থ্য সুরক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আকমল হোসেন আজাদ বলেন, রাজশাহীর বিভিন্ন এলাকায় নিরাপদ পানির সংকট চিহ্নিত করে পর্যায়ক্রমে টিউবওয়েল স্থাপন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানির সুযোগ তৈরি হবে এবং পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, মানুষের মৌলিক প্রয়োজন পূরণ এবং টেকসই সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে মাস্তুল ফাউন্ডেশন ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের আওতায় নিরাপদ পানি নিশ্চিতকরণের পাশাপাশি মাস্তুল ফাউন্ডেশনের “যাকাত স্বাবলম্বী” ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিও অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানের পর আনুষ্ঠানিকভাবে টিউবওয়েল স্থাপন কার্যক্রমের সূচনা করা হয়।
মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংস্থা। এক দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে— করোনা মহামারিতে মরদেহ দাফন সেবা, ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের বন্যায় ত্রাণ বিতরণ, দেশব্যাপী বৃক্ষরোপণ, “যাকাত স্বাবলম্বী” প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, টিউবওয়েল স্থাপন, মসজিদ পুনর্নির্মাণ এবং “মেহমানখানা” উদ্যোগে প্রতিদিন রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে খাবার বিতরণ। এছাড়া তুরস্কের ভূমিকম্প, গাজা ও সুদানের মানবিক সংকটে আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দিয়েছে। ঢাকার হাজারীবাগে প্রতিষ্ঠানটি নিজস্ব মাদ্রাসা, সেল্টার হোম ও এতিমখানা পরিচালনা করছে।