শেরপুর সদর হাসপাতালে এক দালালের জেল-জরিমানা
ফাইল ছবি
শেরপুর সদর হাসপাতালে দালালির অভিযোগে খালেকুজ্জামান সাকিব ওরফে পুতুল (২৭) নামে এক যুবককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শেরপুর সদর হাসপাতালে দালালির অভিযোগে খালেকুজ্জামান সাকিব ওরফে পুতুল (২৭) নামে এক যুবককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে শেরপুর সদর হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত খালেকুজ্জামান সাকিব ওরফে পুতুল শহরের দুর্গানারায়ণপুর মহল্লার আব্দুল হান্নানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা অতিষ্ঠ ছিলেন। দালালদের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযান শুরু হলে কয়েকজন দালাল দিকবিদিক পালিয়ে যান। এ সময় পুতুলকে আটক করা হয়।
পরে পেনাল কোডের ১৮৮ ধারায় তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।