চট্টগ্রামের নতুন খসড়া মাস্টারপ্ল্যান নিয়ে সিডিএ-এফপিসি মতবিনিময়

চট্টগ্রামের নতুন খসড়া মাস্টারপ্ল্যান নিয়ে সিডিএ-এফপিসি মতবিনিময়

সংগৃহীত ছবি

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের খসড়া মহাপরিকল্পনা নিয়ে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের (এফপিসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে সিডিএ’র সভাকক্ষে খসড়া মহাপরিকল্পনার ওপর চলমান জনমত গ্রহণ কার্যক্রমের অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সিডিএর পক্ষে উপস্থিত ছিলেন সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, সার্বক্ষণিক সদস্য মো. জামিলুর রহমান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবু ঈসা আনছারী। পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম (এফপিসি)-এর পক্ষে উপস্থিত ছিলেন স্থপতি জেরিনা হোসেন, ফারুক আহমেদ, মো. শাহীনুল ইসলাম খান, অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, মুহাম্মদ সিকান্দার খান, মো. জাফর আলম, এস এম শহীদ, এবিএমএ বাসেত এবং তসলিমা মুনা। 

সভায় মাস্টারপ্ল্যান প্রকল্পের প্রকল্প পরিচালক মহাপরিকল্পনার ওপর একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। পরে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের প্রতিনিধিরা খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তাদের মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। চট্টগ্রামের দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে মহাপরিকল্পনাটি যাতে বাস্তবভিত্তিক, কার্যকর এবং সংশ্লিষ্ট অংশীজনের মতামতের প্রতিফলন ঘটিয়ে চূড়ান্ত করা হয়, সে বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, একটি কার্যকর ও বাস্তবসম্মত মহাপরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, পেশাজীবী, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীজনের অভিজ্ঞতা ও মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। খসড়া মহাপরিকল্পনার ওপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে পাওয়া যৌক্তিক ও বাস্তবসম্মত মতামত যথাযথভাবে পর্যালোচনা করে চট্টগ্রামের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।