বস্তায় লাশ দেখিয়ে টাকা হাতানোর চেষ্টা শ্রীপুরে

বস্তায় লাশ দেখিয়ে টাকা হাতানোর চেষ্টা শ্রীপুরে

প্রতীকী ছবি

শ্রীপুরে গভীর রাতে বস্তাবন্দি কথিত লাশ দেখিয়ে এক রাজমিস্ত্রির কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। 

এ ঘটনায় মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার ধনুয়া মধ্যপাড়া গ্রামের রাজমিস্ত্রি আব্দুল মালেক শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, সোমবার রাতে প্রতিবেশী শরীক আলী আব্দুল মালেককে ডেকে নিয়ে তার বাড়ির পাশে রক্তাক্ত ও মাথাবিহীন বস্তাবন্দি লাশ পড়ে থাকার কথা জানান। ঘটনাটি চেপে যেতে এবং ভাতিজা মাহবুবের মাধ্যমে রাতে লাশটি সরানোর বিনিময়ে মালেকের কাছে এক লাখ টাকা দাবি করা হয়। পরে মালেক ঘটনাস্থলে গিয়ে লাশটি পাননি। ঘটনাটিকে সন্দেহজনক মনে হওয়ায় তিনি স্থানীয়দের জানান এবং ৯৯৯-এ কলের উদ্যোগ নেন।  

মালেকের দাবি, তাকে ব্ল্যাকমেইল করে টাকা হাতানোর উদ্দেশ্যেই এই নাটক সাজানো হয়েছিল। এ ঘটনায় শরীক আলী, মাহবুব ও ভাড়াটিয়া মোবাশ্বেরকে অভিযুক্ত করা হয়। তবে অভিযুক্ত শরীক আলী টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি শুধু কাউকে পড়ে থাকতে দেখে মালেককে জানিয়েছিলেন। 

শ্রীপুর থানার ওসি মো. শাহিনুর আলম জানান, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।