দুই ইরানি কূটনীতিক বহিষ্কার করল ফ্রান্স

দুই ইরানি কূটনীতিক বহিষ্কার করল ফ্রান্স

ছবি: সংগৃহীত

প্যারিসে নিযুক্ত দুই ইরানি কূটনীতিককে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। তেহরানে ফরাসি দূতাবাসের কর্মীদের ওপর চালানো কঠিত হামলার পাল্টা জবাব হিসেবে আগামী কয়েক দিনের মধ্যে এই পদক্ষেপ কার্যকর করা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট।

বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৯ জুলাই ইরানের রাজধানী তেহরানে আরিয়া কাসায়েই ও এল্লি নাঘিলৌ নামের দুজন ইরানি চিত্রশিল্পীর সঙ্গে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে আলোচনার সময় ফ্রান্সের দুজন কূটনীতিককে আটক ও কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইরানি নিরাপত্তা বাহিনী। ফ্রান্সের দাবি, সে সময় তাদের কূটনীতিকদের (যার মধ্যে একজন সাংস্কৃতিক অ্যাটাশে ছিলেন) ওপর শারীরিক হামলা ও চরম হেনস্তা করা হয়।

পরবর্তীতে ওই ফরাসি কূটনীতিকরা ফ্রান্সে ফিরে যান। এরপর ইরান তাদের পুনরায় দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলে ফ্রান্স এই বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানের সরকার তেহরানে ফ্রান্সে দুই কূটনীতিকের ওপর, যাদের মধ্যে একজন সাংস্কৃতিক অ্যাটাশে ইচ্ছাকৃতভাবে কলঙ্কজনক হামলা চালিয়েছে। আমি আগে বলেছিলাম যে এই অসহনীয় আচরণের পরিণাম ইরানকে ভুগতে হবে। আমরা ইরানের দুই জন কূটনীতিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এই ধরনের অসহনীয় আচরণের চরম পরিণতি ইরানকে ভোগ করতে হবে।’

এদিকে ফ্রান্সের অভিযোগ অস্বীকার করে ইরান দাবি করেছে, ওই কূটনীতিকরা কূটনৈতিক শিষ্টাচার ও ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে নাগরিক সমাজের সাথে সম্পৃক্ততার আড়ালে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছিলেন।
 
প্রসঙ্গত, কূটনীতিকদের সাথে বৈঠকের সময় আরিয়া কাসায়েই ও এল্লি নাঘিলৌ নামের ওই দুজন ইরানি চিত্রশিল্পীকেও আটক করা হয়, যারা বর্তমানে ইরানি হেফাজতে রয়েছেন।

সূত্র: ফ্রান্স২৪