মশকনিধনে চসিকের নতুন কর্মসূচি

মশকনিধনে চসিকের নতুন কর্মসূচি

ফাইল ছবি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরে মশকনিধনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার সকালে মশকনিধন সপ্তাহ ২০২৬ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। 

কর্মসূচির মধ্যে আছে- বৃহস্পতিবার নগরের কোতোয়ালী মোড় ও বায়েজিদ এলাকায় মশকনিধনের ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। এই প্রোগ্রামে রেড ক্রিসেন্টের প্রতিনিধি দল উপস্থিত থাকবেন। একই সঙ্গে সকাল ১১.১৫মিনিটে নগরের পাথরঘাটা বালক বিদ্যালয়ে ছাত্রদের মাঝে লিফলেট বিতরণ ও নিজ ক্যাম্পাস পরিস্কার রাখার লক্ষ্যে বিদ্যালয়ের ছাত্রদের গ্লাভস ও মাস্ক বিতরণ করা হবে।  

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আমীন বলেন, বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাই মশকনিধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মশকনিধন বিষয়ে স্কুল ভিত্তিক জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও পরিচালনা করা হবে। তাছাড়া, বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী মশক নিধন বিষয়ে মোবাইল কোর্টও পরিচালনা করা হবে। একই সঙ্গে সপ্তাহব্যাপী রেড জোন হিসেবে চিহ্নিত এলাকা সমূহে পর্যায়ক্রমে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর জানুয়ারি থেকে গত মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গুতে আক্রন্ত হয়েছেন এক হাজার ৪৯৭ জন। এর মধ্যে জানুয়ারি মাসে আক্রান্ত হয় ৬৮ জন, ফেব্রুয়ারি মাসে ২২ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৯ জন, মে মাসে ৩৭ জন, জুনে ১২২ জন ও জুলাই   মাসে আক্রান্ত হয় ৫৩৬ জন। কিন্তু আগস্ট মাসের ১৮ দিনেই আক্রান্ত হয় ৬৬৩  জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৮৩১ জন, মহিলা ৩৯৪ জন ও শিশু ২৭২ জন। চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান তিনজন। এর মধ্যে পুরুষ একজন ও মহিলা দুইজন।