রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা শিক্ষা কোর্স
সংগৃহীত
ইন্টার্নশিপ, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাপানি ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে সফরকারী জাপানি প্রতিনিধিদলের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
স্নাতক পর্যায়ের চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যত দ্রুত সম্ভব এ কোর্স চালুর আশ্বাস দেন জাপানি প্রতিনিধি দলের সদস্যরা।
এ বিষয়ে উপাচার্য মো. ফরিদুল ইসলাম বলেন, “ভাষা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা গ্রহণ, প্লেসমেন্ট ও ইন্টার্ণশিপের সুযোগ এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হবে। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।”
তিনি আরো বলেন, “রাবি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তোলা এবং তাদের জন্য উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
জাপানের প্রতিনিধিদলে ছিলেন জেনমিরাই জাপান কোম্পানির সিইও কাওয়ামোটো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিং বার্ডের পরিচালক ইউতা সিগেমরি এবং ওয়েস্ট ওকাইয়ামা মেডিকেল ক্লিনিকের নির্বাহী পরিচালক সেইজি ইসিমোটো।
এ সময় রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম-২, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক অধ্যাপক এম মোস্তফা কামাল, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক মো. নূরুল মোমেন এবং আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. হাসনাত কবীর উপস্থিত ছিলেন।