রাবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে সবুজ-সাইভা
ফাইল ছবি
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী সাইভা বিভা।
বুধবার (১৯ আগস্ট) বেলা ৩টায় ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ এ কমিটির অনুমোদন দেয়।
নব-মনোনীত সভাপতি সবুজ আহমেদ এর আগে সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নব-মনোনীত সাধারণ সম্পাদক সাইভা বিভা এর আগে শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাইভা বিভা বলেন, “নবীন লেখকদের নিয়মিত লেখালেখি ও পাঠচর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি কর্মশালা, পাঠচক্র ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে নবীনদের লেখক হিসেবে আত্মপ্রকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি নবীন লেখকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান, তাদের প্রতিভার বিকাশ এবং নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নব-নির্বাচিত সভাপতি সবুজ আহমেদ বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে তরুণ লেখকদের চিন্তা, মনন ও সৃজনশীলতার বিকাশে একটি কার্যকর বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে শাখার পূর্ববর্তী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে লেখালেখি ও পাঠচর্চার পরিসর আরো বিস্তৃত করা হবে। পাশাপাশি সভা-সমাবেশ, মানসম্মত কর্মশালা, সেমিনার-সিম্পোজিয়াম, পাঠচক্রসহ নানামুখী সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রম গ্রহণ করা হবে। তরুণ লেখকদের জ্ঞানচর্চা, চিন্তার বিকাশ ও সৃজনশীলতার প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখাকে প্রতিষ্ঠিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”
প্রসঙ্গত, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশে কাজ করে সংগঠনটি। বর্তমানে সারাদেশে সংগঠনটির ২৩টির বেশি শাখা সক্রিয় রয়েছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা অন্যতম।