‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে বুড়িগঙ্গায় জমজমাট নৌকা বাইচ

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে বুড়িগঙ্গায় জমজমাট নৌকা বাইচ

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার ৪১৬ বছর উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজনের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যকে ধারণ করে শুক্রবার বিকেলে বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে সোয়ারিঘাট পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচে বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ থেকে ছয়টি নৌকা ও তাদের দল অংশ নেয়। আয়োজনকে ঘিরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বুড়িগঙ্গার দুই পাড়ে স্থানীয় বাসিন্দা ও উৎসুক মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বিগত দেড় দশকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এমন আয়োজন দেখে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, এটি কেবল শুরু। ভবিষ্যতে বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় উৎসবে এ ধরনের আয়োজন করার জন্য সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার ইতিহাস জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। বুড়িগঙ্গাকে কেন্দ্র করে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। আগামী প্রজন্মের জন্য পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ও আয়োজন কমিটির পক্ষে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, দর্শকের ব্যাপক উপস্থিতির কারণে এবারের আয়োজন প্রত্যাশামতো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে আগামীতে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে এ আয়োজন করা হবে।

তিনি বলেন, এত মানুষের উপস্থিতি আয়োজকদের ধারণার বাইরে ছিল। আগামীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় প্রতিবছর এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উপলক্ষে আয়োজিত নৌকা বাইচে মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। তবে অতিরিক্ত মানুষের কারণে সব ক্ষেত্রে কাঙ্ক্ষিত সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব হয়নি। ভবিষ্যতে আরও পরিকল্পিত ও সুন্দর আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, সবুজ ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঢাকার ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনে নগরটিকে দেশের মানুষের পাশাপাশি বিশ্বের কাছেও নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

‘উৎসবে, গর্বে, দায়িত্বে- ঐতিহ্যের নদী, ভবন ও নস্টালজিয়ার অনুভব, ঐতিহ্যের স্পর্শে’ স্লোগানে নৌকা বাইচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোয়ারিঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয় মোশাররফ হোসেন খোকনের দল এবং তৃতীয় স্থান অর্জন করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের দল। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।