বিষ প্রয়োগকারী ও বাঘ-হরিণ শিকারিদের প্রশ্রয় দেওয়া হবে না: পরিবেশ প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এটা বন্ধে সবাইকে সচেতন হতে হবে। বিষ প্রয়োগ, বাঘ-হরিণ শিকার আমি প্রশ্রয় দেব না। দলের পরিচয়ে এসব অপকর্ম করলে কেউ ছাড় পাবেন না। এসব অবৈধ ব্যাপারে কেউ তদবির নিয়ে আসবেন না।
শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অর্থাৎ ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার প্রার্থী বাছাইয়ে ত্যাগীরা বঞ্চিত হবেন না; অবশ্যই দল সবার মতামত নিয়ে সঠিকভাবে যাচাই-বাছাই করবে। বিএনপি উদারপন্থি গণতান্ত্রিক দল। আমরা অন্য দলের মতো না, আমরা ব্যতিক্রম।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের পরিচয় তারা মাদক কারবারি ও চাঁদাবাজ।
উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা আবু তালেব হাওলাদার, শেখ রুস্তুম আলী, নাসির তালুকদার, গোলাম নুর জনি, মৃধা ফারুকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ।
মতবিনিময় সভায় পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।