বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রসহ দুইজন নিহত

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রসহ দুইজন নিহত

ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আশিকুর রহমান (২২) এবং গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে মুজাহিদুল ইসলাম সামিউল (৩০)। আশিকুর রহমান ছাত্র ছিলেন এবং সামিউল ব্যবসা করতেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সড়কের মাঝখানে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।

তিনি বলেন, কোনো যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন, নাকি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন- তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।