অনিয়মের অভিযোগে দিনাজপুরে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

অনিয়মের অভিযোগে দিনাজপুরে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

প্রতিকি ছবি

দিনাজপুরের কয়েকটি বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠান সিলগালা এবং চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখির নেতৃত্বে অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স, চিকিৎসক ও জনবলের উপস্থিতি, ল্যাবরেটরি, শয্যাসংখ্যা, ওষুধ সংরক্ষণ, অস্ত্রোপচার কার্যক্রম এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়।

অভিযানে দিনাজপুর শহরের বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির লাইসেন্স হালনাগাদ না থাকা, ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া, প্রয়োজনীয় প্যাথলজিস্ট ও ফার্মাসিস্ট না থাকা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি এবং অনুমোদনের অতিরিক্ত শয্যা রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়ম সংশোধনের জন্য প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

অপরদিকে শহরের নকশী ডায়াগনস্টিক, মোহনা ক্লিনিক ও প্রাইম পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান তিনটি সিলগালা করে দেওয়া হয়েছে।

সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, বৈধ ও হালনাগাদ লাইসেন্স ছাড়া কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। পাশাপাশি যোগ্য চিকিৎসক, নার্স, প্যাথলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ, মানসম্মত ল্যাবরেটরি পরিচালনা এবং যথাযথ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ফলোআপ পরিদর্শন করা হবে। অনিয়ম অব্যাহত থাকলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সদরাতুন মুনতাহিনা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।