ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ

ফাইল ছবি

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরে জশনে জুলুস ও মাহফিলকে কেন্দ্র করে সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। একই সঙ্গে জশনে জুলুসের জন্য নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট রোডম্যাপ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ধর্মীয় র‍্যালি ও মাহফিল অনুষ্ঠিত হবে। এসব আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন ও জনশৃঙ্খলা বজায় রাখতে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারায় দেওয়া ক্ষমতাবলে সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মূর্তি বা কুশপুত্তলিকা প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মূল জশনে জুলুস সকাল ৮টায় নগরের ষোলশহরের আলমগীর খানকা কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু হবে।

নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, জুলুসটি বিবিরহাট হয়ে মুরাদপুরে পৌঁছাবে। সেখান থেকে ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া, লালখান বাজার ও টাইগারপাস হয়ে আবার একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে গিয়ে শেষ হবে।

সিএমপি জানিয়েছে, জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জুলুস শুরুর সময় থেকে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।