৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ফল ভারতের

৫২ বছর পর হকি বিশ্বকাপে সেরা ফল ভারতের

সংগৃহীত ছবি

হকি বিশ্বকাপে ভারতীয় নারী দলের অভাবনীয় সাফল্য পেয়েছে। কোয়ার্টার ফাইনালে জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে পঞ্চম স্থান নিশ্চিত করেছে ভারতীয় নারীরা।

১৯৭৪ সালের বিশ্বকাপে চতুর্থ হওয়ার পর এটাই বিশ্বকাপে ভারতের সেরা ফল।

 বৃহস্পতিবার আমস্টেলভিনের ওয়াগেনার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই জার্মানি বেশ আক্রমণ খেলছিলো। ভারত অবশ্য সতর্ক থেকে প্রতি-আক্রমণে গোলের সুযোগ তৈরির চেষ্টা করে। অধিনায়ক সলিমা টেটেও আক্রমণে কয়েক বার উঠে এসেছিলেন।

কিন্তু ধীরে ধীরে ভারতের উপর চাপ বাড়াতে থাকে জার্মানি। প্রথম কোয়ার্টারের শেষ দিকে পেনাল্টি কর্নার পায় জার্মানি। তবে প্রথম শটই দুর্দান্ত ভাবে আটকে দেন গোলকিপার বিচু দেবী। ফের পেনাল্টি কর্নার দেওয়া হলেও তা থেকে গোল করতে পারেনি জার্মানি।

দ্বিতীয় কোয়ার্টারেও একই ছবি দেখা যায়। বলের দখল বেশি ছিল জার্মানির কাছে। ভারতের আক্রমণও সেভাবে জমে উঠছিল না। তবে বিরতির আগে ম্যাচে কিছুটা ছন্দ ফিরে পায় ভারত। নভনীত কৌর এবং সলিমা কয়েকটি সুযোগ তৈরি করলেও জার্মান গোলকিপার পরপর সেভ করে ভারতকে আটকে রাখেন।

বিরতির পর সম্পূর্ণ অন্য ভারতকে দেখা যায়। আক্রমণের গতি বাড়িয়ে জার্মানির রক্ষণে একের পর এক চাপ তৈরি করতে থাকে ভারত। ৩৮ মিনিটে জ্যোতি চোট পেয়ে মাঠ ছাড়লেও তাতে ভারতের ছন্দ নষ্ট হয়নি। এর পাঁচ মিনিট পরেই গোল করে ভারতকে এগিয়ে দেন ইশিকা চৌধুরী। দুর্দান্ত ব্যক্তিগত দক্ষতায় জার্মান বক্সে ঢুকে বিপরীত দিক থেকে অসাধারণ শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ১-০ এগিয়ে যায় ভারত।

এর পর মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ায় ভারত। ৪৪ মিনিটে পাওয়া পেনাল্টি কর্নার থেকে গোল করেন নভনীত কৌর। প্রথম সুযোগটি পা লাগার কারণে বাতিল হওয়ার পর ফের পেনাল্টি কর্নার পায় ভারত। সেখান থেকেই বল জালে পাঠিয়ে দেন নভনীত। মাত্র দু’ মিনিটের মধ্যে গোলশূন্য ম্যাচ ২-০ করে ফেলে ভারত।

শেষ কোয়ার্টারের শুরুতেই ফের গোল করেন নভনীত। গোলকিপারকে কাটিয়ে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে দেন তিনি। ভারত তখন ৩-০ এগিয়ে যায়। তবে জার্মানি হাল ছাড়েনি। শেষ দিকে ভারতের রক্ষণে প্রবল চাপ তৈরি করে তারা। গোলকিপার সবিতা পুনিয়াও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলকে এগিয়ে রাখেন। ৫৩ মিনিটে জার্মানির পেনাল্টি কর্নার থেকেও গোল হতে দেননি তিনি।

শেষ পর্যন্ত ৫৯ মিনিটে লিন ক্রিংসের গোলে একটি গোল শোধ করে জার্মানি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তেও পেনাল্টি কর্নার পায় তারা। কিন্তু ভারতীয় রক্ষণ আর কোনও সুযোগ দেয়নি। ৩-১ জয় নিশ্চিত করে বিশ্বকাপে পঞ্চম স্থান দখল করে ভারত।

ম্যাচ শেষে ভারতীয় মিডফিল্ডার নেহা বলেন, ‘বিশ্বকাপে পঞ্চম হওয়া সত্যিই গর্বের বিষয়। আমরা সেমিফাইনাল এবং ফাইনাল খেলতে চেয়েছিলাম। সেটা হয়নি। তবে পঞ্চম হয়ে আমরা খুশি।’

আগামী এশিয়ান গেমস নিয়েও আত্মবিশ্বাসী নেহা। তিনি বলেন, ‘এশিয়ান গেমস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ সামনে অলিম্পিক্সও রয়েছে। এশিয়ায় চিন, জাপান এবং কোরিয়ার মতো শক্তিশালী দল আছে। তাই প্রতিযোগিতা কঠিন হবে। আমরা নিজেদের খেলা আরও ভালো করার চেষ্টা করব এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’