ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় ট্রাকভর্তি বৈধ কাগজপত্রহীন প্রায় ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ টন টিএসপি ও সাড়ে ১৪ টন ডিএপি সার উদ্ধার করা হয়।
তিনি বলেন, ট্রাকে থাকা সারের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল। সারগুলো কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার করা সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।