কলাপাড়ায় ব্যবসায়ীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কলাপাড়ায় ব্যবসায়ীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রতিকি ছবি

পটুয়াখালীর কলাপাড়ার একটি বাজারে ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে সাতজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বন্ধ রাখা হয়েছে ব্যবসায়িদের দোকান-পাট। 

আজ শুক্রবার সকালে ও গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি ওই বাজার সমিতির উপদেষ্টা হেমায়েদ উদ্দিন হিরন নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ওই বাজারের সেলুন ব্যবসায়ী রমনী (৪০) নামের এক ব্যক্তির দোকানের সামনে দিয়ে বাক্‌প্রতিবন্ধী এক নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি ওই নারীর হাত ধরে সেলুনে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। 

বিষয়টি অন্য ব্যবসায়ীয়া দেখে ফেললে রাত দশটার দিকে মীমাংসার জন্য বসেন তার। এ সময় বিষয়টি নিয়ে জুয়েল নামে এক ব্যক্তির সঙ্গে বানাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল হাওলাদারের বাগবিতণ্ডা হয় এবং ঘটনা মারামারিতে গড়ায়। 

এতে রুবেল হাওলাদারসহ দুই থেকে তিনজন আহত হন। এ ঘটনার বিচার দাবিতে ব্যবসায়ীরা সকালে প্রায় ৩৫০টি দোকান বন্ধ রেখে বাজারে নামলে ফের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রুপের জুয়েল, জুবায়ের, ইমরান, মনির ও কামালসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।