ঢাকার ৪১৬ বছর পূর্তিতে জবি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্যাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জীবনধারা তুলে ধরতে আয়োজিত এ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
এতে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতা, প্রক্টরিয়াল বডির সদস্য এবং কর্মকর্তা ও কর্মচারী সমিতির নেতারা অংশ নেন।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরাও এতে অংশ নেন।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
‘হৃদয়ে ঢাকা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোভাযাত্রায় ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ জীবনধারার নানা অনুষঙ্গ তুলে ধরা হয়। এ সময় ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণের প্রতিকৃতি প্রদর্শন করা হয়।
এর মধ্যে বড় আকারের স্টিমার, বাকরখানি, জিলাপি, ঘুড়ি ও নাটাইয়ের প্রতিকৃতি অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
এসব প্রতিকৃতির মাধ্যমে পুরান ঢাকার ইতিহাস, খাদ্যসংস্কৃতি, বিনোদন, লোকজ জীবন ও নাগরিক ঐতিহ্যের বিভিন্ন দিক প্রতীকীভাবে তুলে ধরা হয়। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের শিল্পী-শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ঢাকার ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরো দৃঢ় করার প্রয়াস নেওয়া হয়। শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় শোভাযাত্রাজুড়ে ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতির আবহ আরো প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার ও গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নগর ভবনে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
রাজধানী ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ অংশগ্রহণ ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্যাপনে বিশেষ মাত্রা যোগ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ, ঐতিহ্যবাহী উপকরণের প্রতিকৃতি প্রদর্শন ও সাংস্কৃতিক পরিবেশনা শোভাযাত্রাকে আরো আকর্ষণীয় করে তোলে।
উল্লেখ্য, ঢাকার ৪১৬ বছরের ইতিহাস ও ঐতিহ্য স্মরণ, সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ আয়োজন করা হয়।
এ আয়োজনের মাধ্যমে রাজধানীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়কে আরো বিস্তৃত পরিসরে তুলে ধরার পাশাপাশি ইতিহাসচর্চা ও ঐতিহ্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।