নতুন মোটরসাইকেলে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

নতুন মোটরসাইকেলে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

সংগৃহীত ছবি

নতুন মোটরসাইকেল কিনে আনন্দ নিয়ে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। হয়তো মোটরসাইকেলটি নিয়ে তাদের ছিল অনেক পরিকল্পনা, ছিল পথ চলার নতুন স্বপ্ন।

কিন্তু বাড়ি ফেরার সেই পথই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। দ্রুতগতির একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই নিভে গেল দুই তরুণের প্রাণ। নতুন মোটরসাইকেলটি আর বাড়ির উঠানে পৌঁছাল না, পৌঁছাল শুধু দুই বন্ধুর মৃত্যুর খবর।

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই বন্ধু তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর (১৯)।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুভ উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। আর তার বন্ধু আব্দুল্লাহ আল ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বন্ধু একসঙ্গে পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন।

দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল তাদের। শুক্রবার রাতে শুভ নতুন একটি মোটরসাইকেল কেনার জন্য বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বারইয়ারহাট বাজারে যান। নতুন মোটরসাইকেল কেনার পর আনন্দ নিয়েই দুজন বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু কে জানত, নতুন মোটরসাইকেলে এটাই হবে তাদের প্রথম এবং শেষ যাত্রা! রাত সাড়ে ১১টার দিকে তারা মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই শুভ মারা যান। গুরুতর আহত অবস্থায় ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু বন্ধুকে হারিয়ে সেই পথ পাড়ি দেওয়া হলো না তারও। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় ওমরের। একসঙ্গে বের হয়েছিলেন দুই বন্ধু, একসঙ্গে ফিরলেন না কেউই।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ বলেন, দুই জনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। পড়াশোনার পাশাপাশি তারা একসঙ্গে চাকরি করতেন। শুভ নতুন মোটরসাইকেল কিনতে গেলে বন্ধু হিসেবে ওমরও তার সঙ্গে যায়। কিন্তু নতুন মোটরসাইকেল নিয়ে হাসিমুখে বাড়ি ফেরার বদলে তাদের পরিবারের কাছে ফিরে আসে দুই তরুণের মৃত্যুর মর্মান্তিক খবর।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহত হওয়ার খবর পেয়েছি। অপরজনের বিষয়ে তখন বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল ও সংশ্লিষ্ট এলাকায় পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।