কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা
সংগৃহীত
কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে অনুমোদিত মাত্রার বেশি শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে তিনটি যানবাহনের চালককে জরিমানা করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সূত্র জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫ এর ৬(২) ধারা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারা অনুযায়ী তিনটি পৃথক মামলায় তিন চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।