গাইবান্ধায় ইন্দোনেশিয়ান নারীর মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
গাইবান্ধার সাদুল্লাপুরে মাহতুফা ইউলিপ (৪৯) নামে ইন্দোনেশিয়ান এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মিজানুর রহমান মিজানের স্ত্রী। বিয়ের পর থেকে তিনি বাংলাদেশি নাগরিক হিসেবে বসবাস করে আসছিলেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজারে অবস্থিত তাদের নিজস্ব সিঙ্গাপুর মার্কেট নামের তিনতলা ভবনের একটি শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে সিঙ্গাপুরে চাকরি করার সময় মিজানুর রহমানের সঙ্গে মাহতুফা ইউলিপের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা রেজিস্ট্রি করে বিয়ে করেন। এরপর থেকে বাংলাদেশে সংসার করছিলেন তারা।
এ দম্পতির ৭ ও ১০ বছর বয়সী দুটি ছেলেসন্তান রয়েছে।
মাহতুফা ইউলিপের মৃত্যু নিয়ে স্বামীর পরিবার কিংবা তার নিজ পরিবারের কোনো অভিযোগ বা দাবি নেই বলে স্থানীয়ভাবে জানা গেছে।
মৃতের স্বামী মিজানুর রহমানের বড় ভাই রফিকুল ইসলাম বলেন, মাহতুফার স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে তিনি বিদেশি নাগরিক হওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে। তবে বিদেশি নাগরিক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।